গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে পীরগঞ্জ উপজেলার ০৯ নং সেনগাঁও ইউনিয়নের একটি পূজামণ্ডপে বক্তব্য প্রদানকালে মাননীয় সংসদ সদস্য মহোদয় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ সাইদুর রহমানের নাম উল্লেখ করেন। এ সময় উপস্থিত অন্যান্য ব্যক্তির সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম রব্বানী সরদারকেও করতালি দিতে দেখা যায়।
উক্ত ঘটনার ১০ থেকে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে প্রচার করা হয়। পরবর্তীতে ভিডিওটির খণ্ডিত অংশকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসারের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ও অভিযোগ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পাঁচ দিন পর বাদল হোসেন নামের একজন সংবাদ কর্মী ,উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে বলেন, মাননীয় সংসদ সদস্যের বক্তব্যের সঙ্গে করতালি দেওয়ার কারণে তিনি বিএনপির নেতার মতো আচরণ করেছেন। এর জবাবে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “আপনি যদি মনে করেন, তাহলে তাই—আমি পীরগঞ্জে বিএনপির নেতা।”
উক্ত কথোপকথনের প্রেক্ষাপট ও বক্তব্যের যথাযথ অর্থ বিবেচনা না করে তা প্রচার করা হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। একজন সরকারি কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব হলো আইন ও বিধিবিধান অনুসরণ করে নিরপেক্ষভাবে সরকারি দায়িত্ব পালন করা। কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকা বা স্বতঃস্ফূর্তভাবে করতালি দেওয়ার ঘটনাকে রাজনৈতিক পরিচয় বা দলীয় সম্পৃক্ততার প্রমাণ হিসেবে উপস্থাপন করা সমীচীন নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এ ঘটনাকে কেন্দ্র করে প্রচারিত বিভ্রান্তিকর বক্তব্য ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম রব্বানী সরদার।
তিনি মনে করেন, কোনো ঘটনার খণ্ডিত ভিডিও বা বক্তব্যের ভিত্তিতে একজন সরকারি কর্মকর্তার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত। এ ধরনের প্রচার সরকারি কর্মকর্তার পেশাগত ভাবমূর্তি ও নিরপেক্ষতা সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট সকলকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সত্যনিষ্ঠ তথ্য প্রচার, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সরকারি কর্মকর্তাদের পেশাগত নিরপেক্ষতার প্রতি সম্মান প্রদর্শন সবার দায়িত্ব।
প্রতিবাদকারী,মোঃ গোলাম রব্বানী সরদার,
উপজেলা নির্বাহী অফিসার
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
