রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতা এ্যাসোসিয়েশনের র‍্যালি ও পরিচিতি সভা

লেখক: Admin
প্রকাশ: ১০ ঘন্টা আগে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের মানসম্মত ও ভেজালমুক্ত বালাইনাশক সরবরাহ নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের পারস্পরিক ঐক্য সুদৃঢ় করার লক্ষে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় খুচরা বালাইনাশক বিক্রেতা এ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৫ নভেম্বর) রবিবার সকাল ১০ টার সময় রুহিয়া মধুপুর কালিতলা বাজারের মরহুম দবিরুল ইসলামের মিল মাঠে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার মূল কার্যক্রম শুরু হয়। এ সময় রুহিয়া উপজেলা খুচরা বালাইনাশক এ্যাসোসিয়েশনের সভাপতি জনাব হবিবর রহমান স্বাগত বক্তব্য রাখেন। সাধারন সম্পাদক আজহারুল ইসলামের পরিচালনায় বিশিষ্ট ব্যবসায়ীদের উপস্থিতিতে সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা কৃষি অফিসার (অঃদাঃ) জনাব মোঃ নাসিরুল আলম। উদ্ভোদন করেন, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা কৃষি কর্মকর্তা (অঃদাঃ) আব্দুল্লাহ আল মুজাহিদ। রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ জহিরুল ইসলাম রিপন। ঠাকুরগাঁও জেলা বালাইনাশক পরিবেশক এ্যাসোসিয়েশনের সভাপতি জনাব এম.কে.এ হাবিব সরকার। ঠাকুরগাঁও জেলা বালাইনাশক পরিবেশক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহজাহান কবীর (জেম)। রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মজহারুল ইসলাম বাদলসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রুহিয়া উপজেলার বিভিন্ন এলাকার খুচরা বালাইনাশক ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ সময় ​খুচরা ব্যবসায়িরা তাদের বক্তব্যে বলেন, দেশের কৃষির মূল চালিকাশক্তি হলো কৃষকরা। আর কৃষকের ফসল সুরক্ষায় সার, বালাইনাশক বা কীটনাশকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ​দেশের কৃষিখাতের উৎপাদনশীলতা বজায় রাখতে এবং প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের দোরগোড়ায় সহজে সার পৌঁছে দিতে খুচরা পর্যায়ে সরকারি সার খোলা বাজারে বিক্রির জোরালো দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, বর্তমান জটিল বিতরণ ব্যবস্থার কারণে প্রান্তিক কৃষকরা সময়মতো সার পাচ্ছে না, যা কৃষি উৎপাদনকে বাধাগ্রস্ত করছে। তারা আরও বলেন, যদি খুচরা ব্যবসায়ীদের খোলা বাজারে বা নির্দিষ্ট নীতিমালার আওতায় সরকারি সার বিক্রির আইনি অনুমোদন দেওয়া হয়, তবে প্রতিযোগিতা বাড়বে এবং কৃষকরা ন্যায্যমূল্যে ঘরে বসেই সার পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ নাসিরুল আলম বলেন, কৃষির আধুনিকায়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বালাইনাশকের সঠিক ও পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি। কৃষকদের সঠিক পরামর্শ দেওয়ার ক্ষেত্রে খুচরা ব্যবসায়ীদের ভূমিকা অনস্বীকার্য। সরকার অনুমোদিত এবং মানসম্মত বালাইনাশক বিক্রির মাধ্যমে কৃষকদের স্বার্থ রক্ষা করতে হবে। কোনোভাবেই ভেজাল বা অনুমোদন বিহীন কীটনাশক বিক্রি করা যাবে না।

উদ্ভোদক জনাব মোঃ আব্দুল জব্বার তার বক্তব্যে বলেন, বাজারে যাতে কোনো ধরনের ভেজাল সার বা অনুমোদনহীন বালাইনাশক বিক্রি হতে না পারে, সে বিষয়ে এ্যাসোসিয়েশনের সকল সদস্যকে কঠোর সতর্ক থাকার আহ্বান জানান।
সরকার নির্ধারিত নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনা এবং ন্যায্যমূল্যে কৃষকদের সেবা দেওয়ার ওপর বিশেষ জোর দেন তিনি।

​সভায় রুহিয়া উপজেলা খুচরা বালাইনাশক বিক্রেতা এ্যাসোসিয়েশন কমিটিসহ ৬ (ছয়) টি ইউনিয়ন কমিটির উপস্থিত ব্যবসায়ীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ রক্ষা এবং কৃষকদের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের পেশাগত মান উন্নয়নে রুহিয়া উপজেলা খুচরা বালাইনাশক বিক্রেতা এ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গৃহীত হয়।