ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে ৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর থানাধীন পূর্ব গোয়ালপাড়া এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিএনসি ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল। অভিযানকালে ওই তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— হিরা রয় (২৪), পীরগঞ্জ উপজেলার টিএনটি এলাকার বাসিন্দা; নুর মোহাম্মদ (২৩), পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাথরডাঙ্গা এলাকার বাসিন্দা এবং মো. আল মামুন (২২), বালিয়াডাঙ্গী উপজেলার দহনগাছি এলাকার বাসিন্দা।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়।
পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির ও আজাহারুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রমের মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডিএনসি ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযানের তথ্য জানানো হয়েছে।
