ঠাকুরগাঁওয়ের রুহিয়া আজাদ মেলার কার্যক্রম শুরু

লেখক: Admin
প্রকাশ: ১ দিন আগে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঐতিহ্যবাহী ৬৭তম রুহিয়া আজাদ মেলা*র মাঠে আমন্ত্রণ হোটেলের উদ্বোধনের মধ্য দিয়ে প্রথম দোকানের কাজ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে এবারের মেলার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, রুহিয়া আজাদ মেলার সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শপথ, সাদ্দাম হোসেন, শ্রমিক নেতা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী,কেরামত আলী সহ মেলা কমিটির কার্যকরী সদস্য, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলা কমিটির সাধারণ সম্পাদক মকবুল হোসেন জানান, গৌরবের ৬৭ বছরের ঐতিহ্য ধরে রাখতে এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেলা অনুষ্ঠিত হবে। দর্শনার্থী ও ব্যবসায়ীদের সুবিধার্থে বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও জানান, শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকবে নাগরদোলা, বিভিন্ন খেলাধুলা, সার্কাস ও যাত্রাপালা। পাশাপাশি বসবে আসবাবপত্র, কাপড়চোপড়, খাবার, ওষুধের দোকানসহ নানা পণ্যের দোকান। মেলায় দর্শনার্থীদের জরুরি প্রয়োজনে ওষুধের দোকান থাকবে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন হবে। এরপর টানা এক মাসব্যাপী চলবে এই মেলা।

দীর্ঘদিনের ঐতিহ্য আর স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা রুহিয়া আজাদ মেলা উত্তরাঞ্চলের মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় আয়োজন। প্রতিবছর মেলাকে ঘিরে রুহিয়া ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আমন্ত্রণ হোটেলের প্রথম দোকানের কাজ উদ্বোধনের মধ্য দিয়ে এবারের মেলার প্রস্তুতি শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।