ঠাকুরগাঁওয়ে ভূল্লীর মেয়ে মৌসুমীর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হলেন

লেখক: Admin
প্রকাশ: ৮ ঘন্টা আগে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:
মেধা, অধ্যবসায় আর অদম্য পরিশ্রমের মাধ্যমে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঠাকুরগাঁওয়ের ভূল্লীর মেয়ে রেহানা খানম মৌসুমী। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন তিনি। যে বিশ্ববিদ্যালয়ে একসময় শিক্ষার্থী হিসেবে উচ্চশিক্ষা অর্জন করেছেন, এবার সেই বিশ্ববিদ্যালয়েই শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তাঁর এ অর্জনে পরিবার-পরিজন, শিক্ষক, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।
রেহানা খানম মৌসুমী ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ২ নম্বর বালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুরজামান ইসলাম ও আমিনা পারভীন দম্পতির মেয়ে। তাঁর বাবা ও মা দুজনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। শিক্ষক দম্পতির শিক্ষাবান্ধব পরিবারে বেড়ে ওঠা মৌসুমী ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিলেন মনোযোগী ও অধ্যবসায়ী। বাবা-মায়ের অনুপ্রেরণা এবং নিজের নিরলস প্রচেষ্টায় ধাপে ধাপে এগিয়ে গেছেন সাফল্যের পথে।
শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মৌসুমী। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন তিনি। উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে প্রথম (ফার্স্ট ক্লাস ফার্স্ট) স্থান অর্জন করেন। অসাধারণ এই একাডেমিক সাফল্যের ধারাবাহিকতায় এবার একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে নিজের শিক্ষাজীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন।

একসময় যে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে জ্ঞান অর্জন করেছেন, আজ সেই শ্রেণিকক্ষেই শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের জ্ঞান বিতরণের দায়িত্ব পেয়েছেন তিনি। শিক্ষার্থী থেকে শিক্ষক হয়ে ওঠার এই যাত্রা নিঃসন্দেহে তাঁর মেধা, পরিশ্রম, আত্মবিশ্বাস ও দীর্ঘদিনের সাধনার এক উজ্জ্বল স্বীকৃতি।

মৌসুমীর এই অর্জন শুধু তাঁর পরিবারের গর্ব নয়, বরং পুরো ভূল্লী এলাকার জন্যই এক আনন্দের খবর। প্রত্যন্ত অঞ্চলের একজন তরুণীর এমন সাফল্য স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও স্বপ্নপূরণে নতুন করে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল। বিশেষ করে তাঁর মতো একজন মেধাবী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আত্মপ্রকাশ এলাকার তরুণ প্রজন্মের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এলাকাবাসীর প্রত্যাশা, শিক্ষকতা পেশায় নিজের মেধা, জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি উচ্চশিক্ষার প্রসার, গবেষণা এবং শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর হাত ধরে অনেক শিক্ষার্থী জ্ঞান অর্জন ও নিজেদের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।
রেহানা খানম মৌসুমীর এই গৌরবময় অর্জনে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক নুরে আলম আবু সাঈদ বাবু বলেন, “রেহানা খানম মৌসুমীর এই অর্জন আমাদের ভূল্লী এলাকার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তাঁর মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম আজ তাঁকে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছে দিয়েছে। বিশেষ করে যে বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষার্থী ছিলেন, সেই বিশ্ববিদ্যালয়েই শিক্ষক হিসেবে যোগদান করা নিঃসন্দেহে অসাধারণ সাফল্য। আমি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তাঁর এই সাফল্য এলাকার নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করবে এবং নিজেদের যোগ্যতা প্রমাণে অনুপ্রেরণা জোগাবে।

রেহানা খানম মৌসুমী বলেন, “আমার এই অর্জনের পেছনে বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায় রয়েছে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল। জীবনের প্রতিটি ধাপে ভালো কিছু করার চেষ্টা করেছি। যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করেছি, সেই বিশ্ববিদ্যালয়েই শিক্ষক হিসেবে যোগদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান এবং তাদের ভবিষ্যৎ গঠনে কাজ করতে চাই। আমার এই সাফল্যে যারা পাশে ছিলেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।