ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি দখল: বাঁধা দিতে গেলে একই পরিবারের ৩ জনকে মারপিট

লেখক: Admin
প্রকাশ: ৮ ঘন্টা আগে

জাকির হোসাইন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অন্যের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বাচ্চু হোসেন নামে এক পুকুর মালিককে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বাচ্চু হোসেন, তাঁর স্ত্রী ও ছেলেসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকায় ব্র্যাক অফিস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু হোসেনের দীঘিতে জোরপূর্বক মাছ ধরতে যান একই গ্রামের জিয়া, সাদ্দাম, মিলন, বিপ্লব ও সোহাগসহ কয়েকজন ব্যক্তি। এ সময় বাচ্চু হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিলে তাঁদের মধ্যে বাক-বিতণ্ডা হয় একপর্যায়ে বাচ্চু হোসেনকে মারধর শুরু করে প্রভাবশালীরা।

তাঁকে রক্ষা করতে তাঁর স্ত্রী মাহমুদা বেগম ও ছেলে ফাহাদ হোসেন পাইলট এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

আহত বাচ্চু হোসেন, তাঁর স্ত্রী মাহমুদা খাতুন ও ছেলে ফাহাদ হোসেন পাইলট বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, পুকুরপাড়ের পাঁচ শতক জমি নিয়ে বাচ্চু হোসেনের পরিবারের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের বিরোধ রয়েছে বলে জানা গেছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাচ্চু হোসেনের পরিবারের সদস্যরা।

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে গত শুক্রবার পীরগঞ্জ থানায় এজাহার দাখিল করেছেন ভুক্তভোগী পরিবারটি।