পীরগঞ্জে কৃষকের সীমানাপ্রাচীর ভাঙচুর ও খড়ের ঘরে আগুন 

লেখক: Admin
প্রকাশ: ২২ ঘন্টা আগে

জাকির হোসাইন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আব্দুল বাতেন নামে এক অসহায় কৃষকের সীমানাপ্রাচীর ভাঙচুর ও খড়ের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে কৃষক আব্দুল বাতেন ও তাঁর ছেলে মামুন মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার খামার সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একই গ্রামের বাবুল ও খায়রুলসহ প্রায় ২০ থেকে ২৫ জন ব্যক্তি অতর্কিতভাবে তাঁদের সীমানাপ্রাচীর ভাঙচুর করেন এবং খড়ের ঘরে আগুন ধরিয়ে দেন। এ সময় বাধা দিতে গেলে আব্দুল বাতেন ও তাঁর ছেলে মামুনকে মারধর করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন তাঁরা।

তবে অভিযুক্ত বাবুল তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁরা খড়ের ঘরে আগুন দেননি কিংবা সীমানাপ্রাচীর ভাঙচুর করেননি। তাঁদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে ১ নম্বর ভোমরাদহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। অন্যায়ভাবে কেউ সীমানাপ্রাচীর ভাঙচুর বা খড়ের ঘরে আগুন দিয়ে থাকলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।