ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী সন্দেহে মোটরসাইকেলে আগুন, জনতার রোষানলে পালিয়ে রক্ষা

লেখক: Admin
প্রকাশ: ২ ঘন্টা আগে

খালিদ মাহমুদ সুজন আলী, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া বোর্ডের হাট এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ওই এলাকার ইসহাক আলী নামে এক ব্যক্তি নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। পথিমধ্যে ভেবড়া বোর্ডের হাট এলাকায় পৌঁছালে এলাকার কিছু লোক তাকে মাদক কারবারি সন্দেহে আটক করেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এবং উচ্ছৃঙ্খল জনতার রোষানলে পড়ে নিজের প্রাণের ভয়ে মোটরসাইকেলটি ফেলেই দ্রুত পালিয়ে যান ইসহাক। পরে ক্ষুব্ধ হয়ে স্থানীয় উত্তেজিত জনতা তার ওই মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে এবং তা সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়।

স্থানীয়রা আরও জানান, এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধে সম্প্রতি একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. জাহিদুর রহমান। ধারণা করা হচ্ছে, ওই সমাবেশের প্রভাবেই এলাকাবাসী মাদকবিরোধী কার্যক্রমে আরও বেশি সোচ্চার হয়ে উঠেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক বলেন, “বিষয়টি আমরা শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি বা তার পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”