পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু

লেখক: Admin
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

এন.আই. এলিন, নিজস্ব  প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ৭ নম্বর হাজীপুর ইউনিয়নের বাদনোহালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার নোহালী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদনোহালী গ্রামের রুহুল আমীনের বাড়িতে ডেকোরেশনের কাজ করছিলেন ফয়সাল। কাজ করার সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে দিনাজপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ফয়সাল হাজীপুর ইউনিয়নের বোর্ডহাট বাজারে অবস্থিত শাহ আলম ডেকোরেটরের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক।