পীরগঞ্জে জমি দখল ও বাঁশ কাটার অভিযোগে মামলা, তিনজনকে আসামি

লেখক: Admin
প্রকাশ: ৩ দিন আগে

 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে জমি দখল ও রোপণ করা বাঁশ কেটে ফেলার অভিযোগ উঠেছে একই পরিবারের তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় মোঃ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বিজ্ঞ আমলি আদালতে মামলা দায়ের করেছেন।

ঘটনাটি ঘটে গত ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার সকালে উপজেলার ৭নং হাজিপুর ইউনিয়নের বাজে একান্নপুর গ্রামে। ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

মামলার বাদী মোঃ রফিকুল ইসলামের দাবি, ওয়ারিশি ও ক্রয়সূত্রে তিনি ওই জমির মালিকানা লাভ করেছেন এবং দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। তাঁর অভিযোগ, গত ৩০ অক্টোবর শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা বিরোধপূর্ণ জমিতে অনধিকার প্রবেশ করে তাঁর রোপণ করা বাঁশঝাড় কেটে ফেলেন এবং জমি বেদখল করেন। এ সময় বাধা দিতে গেলে তাঁকে ভয়ভীতি প্রদর্শন ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

বাদী আরও দাবি করেন, জমির মালিকানার সমর্থনে তাঁর কাছে দলিল, খারিজ খতিয়ান ও খাজনা পরিশোধের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে।

এ ঘটনায় মোঃ রফিকুল ইসলাম পীরগঞ্জের বিজ্ঞ আমলি আদালতে একই গ্রামের তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন মোঃ মোসলেম উদ্দিনকে ১ নম্বর, আব্দুল বারী (বাপ্পি)কে ২ নম্বর এবং মোছাম্মৎ বেগমকে ৩ নম্বর আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর কয়েকটি ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আব্দুল বারী (বাপ্পি) বাঁশ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, বাঁশের উপরে ও জমির উপরে টাকা নিয়েছে। আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, এটা মিথ্যা ও বানোয়াট আমি এটা মানিনা।

এদিকে, জমির মালিকানা ও দখল নিয়ে বাদীর অভিযোগ এবং আসামিপক্ষের পাল্টা বক্তব্যের পর বিষয়টি আদালতের বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তবে এলাকার সাধারণ মানুষের দাবি, জমির প্রকৃত মালিকানা ও দীর্ঘদিনের ভোগদখলের বিষয়টি সুষ্ঠুভাবে যাচাই করে প্রকৃত মালিক মোঃ রফিকুল ইসলাম যেন ন্যায়বিচার পান, তা নিশ্চিত করা হোক।