ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি, অংশ নিচ্ছে ১২০০-এর বেশি শিশু

লেখক: Admin
প্রকাশ: ৩ ঘন্টা আগে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটসের ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০২৬। ৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় ক্যাম্পুরি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

আয়োজক সূত্রে জানা যায়, রংপুর বিভাগের আটটি জেলা—দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা থেকে কাব স্কাউট, গার্ল-ইন-কাব স্কাউট, ইউনিট লিডার, ক্রু-লিডার, স্বেচ্ছাসেবকসহ প্রায় ১ হাজার ২০০ জনের বেশি প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। এ আয়োজনে ১৩০টি ইউনিট অংশগ্রহণ করছে।

ক্যাম্পুরির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোহাম্মদ রফিকুল হক।

এ ছাড়া মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রংপুরের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলমের।

আয়োজকরা জানান, শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক গুণাবলির বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি, শৃঙ্খলা, পরোপকারিতা ও দেশপ্রেমের শিক্ষা প্রদান এ ক্যাম্পুরির অন্যতম লক্ষ্য।

ক্যাম্পুরি সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করছেন। অংশগ্রহণকারীদের আবাসন, খাবার, সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।