ঠাকুরগাঁওয়ে পেট্রোল বোমা নিক্ষেপের সময় যুবক আটক, বিস্ফোরক আইনে মামলা

লেখক: Admin
প্রকাশ: ৬ ঘন্টা আগে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপের সময় স্থানীয় জনতার হাতে আরিফ হোসেন (২১) নামে এক যুবক আটক হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের রুহিয়া চৌরাস্তা থেকে প্রায় ২০০ গজ উত্তরে মো. বুধু (৪৮) নামে এক ব্যক্তির দোকানসংলগ্ন পূর্ব পাশে এবং পোস্ট অফিসের পূর্ব পাশে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

প্রেস রিলিজে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের দেশব্যাপী ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে পেট্রোল বোমা নিক্ষেপের সময় স্থানীয় জনগণ একজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।  এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম আরিফ হোসেন (২১) তার পিতার নাম মো. আব্দুল জব্বার এবং ঘনিবিষ্ণুপুর (প্রধানপাড়া) গ্রামের বলে জানা যায়।

এ ঘটনায় আটক আরিফ হোসেনসহ পলাতক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে রুহিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০৯/৯৯, তারিখ ১৯ নভেম্বর ২০২৬। বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৫ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী বিষয়টি নিশ্চিত করেন।