পেট্রোল বোমা-গানপাউডারসহ ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লেখক: Admin
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

নিউজ ডেক্সঃ রাজধানীর আদাবর এলাকা থেকে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।

গ্রেপ্তার দুজন হলেন মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে এসআরবি-২-এর মিডিয়া কর্মকর্তা মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।

এসআরবি-২ জানায়, সোমবার ভোররাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন দুষ্কৃতিকারী নাশকতার উদ্দেশ্যে আদাবর থানার শ্যামলী রিং রোড এলাকায় মোটরসাইকেল নিয়ে অবস্থান করছে।

পরে সেখানে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী মাহবুব ও রাশেদকে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের বাড়ি ঠাকুরগাঁও জেলায় বলে জানা গেছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য।

তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একাধিক নাশকতার মামলার আসামি বলে জানিয়েছে এসআরবি-২।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে তারা পেট্রোল বোমা ও গানপাউডার নিয়ে সেখানে অবস্থান করছিলেন।

সুত্রঃ ঢাকা পোস্ট।