রুহিয়ায় আবাদি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

লেখক: Admin
প্রকাশ: ১০ ঘন্টা আগে

 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার মধুপুর, ঢোলারহাট শুকনদী এলাকায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রুহিয়া মধুপুর, ঢোলারহাট শুকনদী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান কবির।

​ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে রুহিয়া মধুপুর, ঢোলারহাটের বিভিন্ন এলাকায় নিয়মনীতির তোয়াক্কা না করে আবাদি জমির মাটি কেটে ক্যানাল ও বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এর ফলে একদিকে যেমন কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে আশপাশের জমি ও পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

​অভিযান চলাকালে আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় সুজন ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

​ এ সময় ঠাকুরগাঁও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান কবির জানান, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।